কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রন্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে। এই এলাকা থেকে সন্ত্রাস দুর করেছে। সরকার অন্ধকার দুর করেছে।
তিনি আরো বলেন, জঙ্গির সঙ্গী, রাজাকারের বন্ধু বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছিলো। আদালত তার বিচার করে জেলে পাঠিয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় জাসদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী মিরপুর উপজেলার ১৪ টি কলেজ ২টি মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু
