রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার সকালে মিঠাপুকুরের দমদমা ইসলামপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পর প্রায় এক ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের একটি বাস সকালে দমদমা ইসলামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১০ জন আহত হন।
নিহতরা হলেন, সাভারের আশুলিয়ায় আব্দুল আজিজ ও দিনাজপুরের শাহজাহান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নিহতদের লাশ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
