রাণীশংকৈলে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৫:৪৩
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটের রড-সিমেন্ট ব্যবসায়ী দবিরুল ইসলামের বাসায় শনিবার দিবাগত রাত ২টায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১৪/১৫ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল দবিরুলের বাসার প্রবেশ দরজা ও শোবার ঘরের দরজার খিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্রথমে বাসার ২টি মোবাইল সেট হাতিয়ে নেয় এবং দবিরুল ও তার স্ত্রীকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে আলমারির চাবি নিয়ে প্রায় তিন লাখ টাকা বের করে নেয়। এসময় ডাকাতরা দবিরুলের স্ত্রীর গলার অর্ধভরি সোনার হারটিও নিয়ে নেয়। 
 
আহত দবিরুলের চিৎকারে তার দোকান কর্মচারী রেজাউল (২৮) ও আশপাশের লোকজন বাসার দিকে ছুটে আসে। বাইরে অবস্থানরত ডাকাতরা রেজাউলকে প্রচণ্ড মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে এবং লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। ডাকাতরা দ্রুত পালিয়ে যাবার সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে অদূরে শিবদিঘি মোড় থেকে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ গুরুতর আহত রেজাউলকে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়। পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা করা হয় নি। 
 
ইত্তেফাক/এমআই