রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী পাড়া এলাকায় নতুন মনি চাকমা (৪২) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকালে বাঘাইছড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে ইউপিডিএফ কর্মী নতুন মনি চাকমা ও তার সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শন শনিবার রাতে বাড়ির বাইরে বিছানা নিয়ে একটি গাছের নিচে ঘুমান। রাত ১২টার দিকে নতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান অমর।
রবিবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নতুন মনি চাকমা নামের ইউপিডিএফের সক্রিয় এক কর্মীর লাশ উদ্ধার করেছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তার সহকর্মীর হাতে খুন হয়েছেন নতুন। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি বিস্তারিত জানাতে পারেন নি।
ইত্তেফাক/আরকেজি
