ছাত্রী অপহরণ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাপাশিয়ায় অবস্থিত মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জহুরুল আলম রিপনের (৪১) শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার বেলা ১১টার দিকে নগরীর উপকণ্ঠ কাপাসিয়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।
প্রায় আধাঘণ্টা ধরে চলা অবরোধের ফলে মহাসড়কের দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল।
এর আগে এলাকাবাসীর ব্যানারে সেখানে বিক্ষোভ মিছিল করা হয়। মহাসড়কে মানববন্ধন করে এলাকাবাসী। পরে দাহ করা হয় অভিযুক্ত কলেজ অধ্যক্ষের কুশপুত্তলিকা।
অভিযোগ উঠেছে, গত ৪ ফেব্রুয়ারি নিজ অফিস কক্ষেই এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালান অধ্যক্ষ জহুরুল আলম রিপন। এনিয়ে পরদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এরপর গত ৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীসহ আরো দুই ছাত্রী এবং এক শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দেন।
ইত্তেফাক/আরকেজি
