পঞ্চগড়ে অস্বাভাবিক শিশুর জন্ম, শঙ্কায় পরিবার

আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:২০
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রবিবার দুপুরে একটি অস্বাভাবিক শিশুর জন্ম হয়েছে। এতে শিশুটির পরিবার শঙ্কিত হয়ে পড়েছে। চিকিৎসকরা বলেছেন ওই নবজাতকটি সিস্টিক হাইগ্রোমায় (মুখের সাথে বাড়তি মাংসপিণ্ড) আক্রান্ত। উন্নত চিকিৎসা পেলে সে সম্পুর্ণ সুস্থ হতে পারে।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন অস্ত্রপচারের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করেন। হালিমা খাতুনের আরও দুটি ছেলে মেয়ে আছে।
 
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আকরামুল হক জানান, নবজাতক ওই শিশুর জন্মগত ত্রুটির কারণে সিস্টিক হাইগ্রোমায় আক্রান্ত হতে পারে। সাধারণত নাসিকাতন্ত্রের ত্রুটির কারণে এই রোগটি হয়ে থাকে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেয়া হয়েছে। উন্নত চিকিৎসা পেলে এই রোগটি থেকে শিশুটি সম্পূর্ণ সুস্থ হতে পারে।
 
শিশুটির বাবা ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি ভ্যান চালিয়ে সংসার চালাই, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দেই। আমি ওর চিকিৎসার এতো টাকা কোথায় পাব। সমাজ ও দেশের বিত্তবান মানুষ সহযোগিতা করলে চিকিৎসা করানো সম্ভব।
 
ইত্তেফাক/আরকেজি