খালেদা জিয়ার অন্ততপক্ষে জামিনের ব্যবস্থা করুন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০০:৫২

গণস্থাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার মূল চিকিত্সা হলো তাকে জেল থেকে মুক্তি দেওয়া, পৃথিবীর আলো বাতাস দেখতে দেওয়া। এটি হলো তার মূল চিকিত্সা। সেটা না করে যদি মাথাব্যথার জন্য পা টিপে দেওয়া হয়, তাহলে কি মাথাব্যথা কমবে? খালেদা জিয়ার দ্বিতীয় চিকিত্সা হবে একাকিত্ব দূর করা। এ জন্য কোনো চিকিত্সককে যুক্ত করা হয়নি।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও আইনের শাসন: কোন্ পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, যেভাবে চালাচ্ছেন পৃথিবীর কোনো জায়গায় কিছুদিন থাকা যায়, আমরা চাই আপনার ভালো কাজের জন্য আপনাকে দেশবাসী স্মরণ করুক। রাজনৈতিক বন্দিদের মুক্তি দিন, খালেদা জিয়ার অন্ততপক্ষে জামিনের ব্যবস্থা করুন। বিচার বিভাগকে আওয়ামী লীগের অধীনস্থ করবেন না। তিনি বলেন, আমাদের সবার জন্য মঙ্গল হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তার প্রথম শর্ত সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিন। দ্বিতীয়ত অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তাতে হারলেও আপনার জয় হবে। তখন আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন।