চাঁদপুর শহরের পালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি দোকানের বিদ্যুৎ লাইনের সংযোগস্থল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আরো কয়েক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরিমধ্যে মুদিদোকান, চালের, ডিম ও মুরগীর দোকান সহ ৩০টি দোকানের মাল পুড়ে ছাই হয়ে যায়।
মুরগী ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, তার তিনটি দোকানে প্রায় ৪/৫ লক্ষ্য টাকার মুরগি ছিলো, কিন্তু কোন মুরগী তিনি সরাতে পারেননি সব পুড়ে গেছে। তিনি জানান, বাজারের ক্ষতিগ্রস্ত হয়েছে সব দোকানির আনুমানিক প্রায় ৩/৪ কোটি টাকার মাল বা তার ও বেশি হতে পারে।
চাঁদপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ফারুক হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চার ভাগে বিভক্ত হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার হবে, তবে সঠিক হিসেব পরে নির্ণয় করে বলতে হবে। -বাসস।
ইত্তেফাক/এসএস
