নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গ্রামের পাঁচ বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে উপজেলার উদয়দী গ্রামের আয়নালের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। চারিদিকে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তার ভাই সাধু মিয়া, ফারুক, জালাউদ্দিনসহ হায়দারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পাঁচটি বসতঘরের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় তারা প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এসএস
