রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৭:১৪
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় আঞ্জু বেগম (৪৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসানের মেহগনি বাগান থেকে ওই নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঞ্জু বেগম একই ইউনিয়নের আলাদীপুর ব্রিজ এলাকার আকবর খানের স্ত্রী। ঘটনাস্থলে চারটি ব্যবহৃত জন্ম নিয়ন্ত্রণ কভার (কনডম) পড়ে থাকায় আশঙ্কা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
 
সরজিমেনে দেখা গেছে, পুলিশ মরদেহটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এ সময় মরদেহের ১৫-২০ হাত দূরে চারটি ব্যবহৃত জন্ম নিয়ন্ত্রণ কভার (কনডম) এবং কিছু তাস পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সোমবার দিবাগত রাতের কোন এক সময় জুয়ারিরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে।
 
নিহতের ছেলে রাহাত খান (২৯) বলেন, আমার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তিনি বাড়িতে থাকতেন না। গত পরশু দুপুরে আমি মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখি। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। প্রায়ই তিনি বাড়িতে না থাকায় তার খোঁজ করা হয়নি। দুপুরে মায়ের মরদেহ পাওয়ার খবর শুনে আমি ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি।
 
আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান বলেন, দুপুরে স্থানীয় বাচ্চারা বাগানের মধ্যে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। এরপর আমি বিষয়টি থানায় জানাই।
 
রাজবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া বলেন, ওই নারীকে তার পরিহিত কাপড় দিয়েই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেআই