বিএনপি থেকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্য গতকাল রাতে বৈঠক করেছেন। বৈঠকে তারা শপথ নেবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়। তারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মতামত তারেক রহমানকে জানান হয়েছে। শপথ নেওয়া না নেয়ার ক্ষেত্রে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মো. হারুন উর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমিনুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার। হারুন উর রশীদ বলেন, আমরা দলের হাইকমান্ডের নির্দেশে বৈঠক করেছি। আমরা শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক। তবে দল থেকে এ বিষয় এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। বিএনপির হাই কমান্ড বৈঠক করে এ বিষয়ে আমাদের জানাবেন।
উকিল আবদুস সাত্তার বলেন, আগামী কয়েক দিনের মধ্যে শপথ গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন দলের হাই কমান্ড। এরপরে আমাদের তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একজন এমপি জানান, শপথ নেওয়া হলে দলীয় সিদ্ধান্তে সবাই একসঙ্গে শপথ নেওয়া হবে। যদি শপথ নেওয়া হয় তবে কবে নেওয়া হবে, কখন নেওয়া হবে তা সব সংসদ সদস্যকে জানানো হবে।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত শপথ নেওয়ার জন্য সময় পাবেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সময় বাড়ানোর আবেদন করলে স্পিকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। জানা গেছে,মির্জা ফখরুল নববর্ষের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করে শপথ নেওয়ার ব্যাপারে জানতে চান। তখন বেগম জিয়া তাদের বৈঠক করে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন।
