আগামীকাল মঙ্গলবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দশম জাতীয় সংসদে এই আসনে দ্বিতীয় দফায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে প্রশাসন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটকেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪০টি টিম সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছেন। এছাড়া ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে ১ হাজার ৭’শ ৬০ জন পুলিশ ও ৮’শ ৭২ জন আনছার সদস্য নিয়োজিত আছেন।
এই উপনির্বাচনে ১’শ ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৩টি অধিক ঝুকিপূর্ণ ও ২৬টি ভোট কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ বলে সনাক্ত করেছেন প্রশাসন। এদিকে ১’শ ৯ জন প্রিজাইডিং, ৬’শ ৪৭ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ২’শ ৯৪ পুলিং অফিসার ভোট কার্যে নিয়োজিত রয়েছেন। এ নির্বাচনে ৩ লাখ ৩৮ হাজার ৫’শ ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ৬’শ ২২ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জানান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন অবস্থায় নির্বাচন উপহার দিতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। গত বছরের ১৯ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে জাতীয় সংসদের এ আসনটি শূন্য হয়।
এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণফ্রন্টের শরিফুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান।
ইত্তেফাক/কেআই
