নেপালে বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন খুলনার আলিফ

আপডেট : ১২ মার্চ ২০১৮, ২০:৪৩
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় খুলনার আলিফুজ্জামান আলিফ (৩২) নামে এক যুবক রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তার সঙ্গে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ভাগ্যে ঠিক কি ঘটেছে- সেটিও বলতে পারছেন না পরিবারের সদস্যরা। আলিফের পরিবারের সদস্যরা তার জন্য শোকাহত হয়ে পড়েছেন। 
 
আলিফুজ্জামান আলিফ খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়া গ্রামের বারো পূর্ণিয়ার মোড়ের আসাদুজ্জামান মোল্লার ছেলে। সে খুলনা সরকারি এমএম সিটি কলেজ থেকে এবার মাস্টার্স পরীক্ষা দিয়েছে। একই সঙ্গে তিনি খুলনা জেলা প্রজন্ম লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 
 
আলিফের নিকটাত্মীয় মো. সাব্বির খান দ্বীপ জানান, আলিফ নেপাল ভ্রমণের জন্য সোমবার সকালে বাড়ি থেকে বের হয়। সে যশোর থেকে প্রথম ফ্লাইটে বেসরকারি ইয়ারওয়েজ নভো ইয়ারে ঢাকায় যায়। দুপুর পৌণে ১টার দিকে ইউএস-বাংলার (ফ্লাইট বিএস ২১১) ফ্লাইট ঢাকার শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  নেপালের উদ্দেশে রওনা হয়। সে বিমানের সর্বশেষ আসনে ছিল। নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। 
 
দ্বীপ জানান, ঘটনার পর থেকে আলিফের সঙ্গে তারা কোন যোগাযোগ করতে পারেননি। দুর্ঘটনায় তার ভাগ্যে ঠিক কি ঘটেছে- সেটিও তার পরিবারের সদস্যরা ধারণা করতে পারছেন না।
IMG0
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আলিফদের আইচগাতির বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ উৎসুক জনতার ভিড় জমে গেছে। তারা তার বাড়িতে এসে আলিফের খবর জানার চেষ্টা করছেন। আলিফের পরিবারের সদস্যরা তার জন্য দুশ্চিন্তাগ্রস্ত ও শোকাহত হয়ে পড়েছেন।
 
আলিফের বড় ভাই আশিকুজ্জামান হামিম ও ছোট ভাই ইয়াসিন আরাফাত বলেন, তারা তাদের ভাইয়ের সঠিক কোন তথ্য এখনও পাননি। যোগাযোগের চেষ্টা করছেন। এর বেশি কিছু বলতে পারেননি তারা।
 
আলিফের অপর আত্মীয় স্থানীয় আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী খান জুলু বলেন, তিনি খবর পেয়ে আলিফদের বাড়িতে গিয়েছিলেন। তাদের মধ্যে শোক বিরাজ করছে। পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার চেষ্টা করছেন তারা। 
 
আইচগাতী এলাকার বাসিন্দা আবু হোসেন বাবু বলেন, আলিফ সোমবার সকালে বিমানে ওঠার আগে সেলফি তুলে ফেসবুকে আপলোড করেন।
 
ইত্তেফাক/এমআই