জামালপুর সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী গ্রামে সালিসী দরবারে মাতব্বরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকাল দশটার দিকে এ উপজেলার দিগপাইত ইউনিয়নের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিগপাইত ইউনিয়নের শাহপাড়া গ্রামের কাজেম উদ্দিন ও ময়েজ উদ্দিনের মধ্যে বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই গ্রামের গ্রাম্য মাতব্বর এবং দিগপাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী (৪০) নিজে উদ্যোগী হয়ে বিরোধ মীমাংসা করার চেষ্টা করে। এ জন্য গতকাল সোমবার কাজেম উদ্দিনের বাড়ির উঠানে সালিস বৈঠক বসান।
সালিসে উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে কাজেম উদ্দিনের একজন সমর্থক একটি কাঠ দিয়ে সালিসের মাতব্বর বাবর আলীর মাথায় আঘাত করে। মাথা ফেটে রক্তাক্ত হলে স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিল। পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত বাবর আলী ওই গ্রামের মৃত আজাফর আলীর ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবর আলীর লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় একই গ্রামের কাজেম উদ্দিন (৫৫) ও তাঁর ছেলে জয়নাল আবেদীনকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
