মাদারীপুর জেলার রাজৈরে ট্রাকের চাপায় মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রী মীম আক্তার (৭) নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরেটেকেরহাট-গোপলগঞ্জ সড়কের উপজেলার নয়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি নামক স্থানে টেকেরহাটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় মীম আক্তার (৭) নামে এক মাদ্রাসার ছাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মীম নয়াকান্দি গ্রামের আরসাফ শেখের মেয়ে ও একই গ্রামের দারুল ফালা মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। মাদ্রাসা ছুটির পর বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম সরদার ঘটনা নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
