বিমান দুর্ঘটনা : খুলনায় আলিফের অপেক্ষায় স্বজনরা

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৮:২১
কখন ফিরবে আলিফ সেই অপেক্ষায় রয়েছে তার স্বজনরা। বিমান দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার তার খালু শাহাবুর রহমান নেপাল গেছেন। আলিফের জন্য তার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের বাড়িতে আত্মীয়স্বজনরা অপেক্ষা করছেন। 
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলিফের রূপসা উপজেলার আইচগাতী গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়। সবাই প্রতিক্ষা করছেন আলিফের সর্বশেষ খোঁজ জানতে। কখন কাঠমান্ডু থেকে ভালো খবর আসবে। 
 
বাড়িতে গিয়ে দেখা যায় আলিফের ছোট চাচা মো. বাবর আলী আদরের ভাইপোর শোকে মুহ্যমান। আলিফের সঙ্গে তার বিভিন্ন স্মৃতির কথা আওড়াচ্ছেন। বলছেন, ‘আমাকে আর কে বাবা বলে ডাকবে, আমার বুকের মানিক তুই কেন নেপালে গেলি’? 
 
আলিফের খালাতো বোন রাহিমা আক্তার শান্ত বলেন, ‘বিমান দুর্ঘটনার খবর শোনার পর মঙ্গলবার তার খালু শাহাবুর রহমান নেপালে গেছেন। তিনি এখনো সঠিক তথ্য দিতে পারেননি। বিমান দুর্ঘটনার খবর শোনার পর আলিফের বাবা অসুস্থ হয়ে পড়েছেন। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, আলিফ স্থানীয় বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনার আহসান উল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়। এরপর ২০০৭ সালে কাজের সন্ধানে সৌদি আরবে যায়। সেখান থেকে ২০১০ সালে ফিরে পুনরায় খুলনা সিটি কলেজে ভর্তি হয়ে ডিগ্রি পাস করে। সর্বশেষ সে খুলনার বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছে। এখনো কয়েকটি পরীক্ষা বাকি আছে।
 
ইত্তেফাক/ইউবি