আশুলিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:৫১
সাভার উপজেলার আশুলিয়ায় বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বাইপাইল এলাকায় একটি দূরপাল্লার বাস থেকে নামার পর তাদেরকে আটক করা হয়। বড়ইয়ের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে  পুলিশ। 
 
আটককৃতরা হলেন- মো. জলিল (৩৪) ও মোস্তফা (৩৫)। তারা দুইজনই নাটোর বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
 
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাহিদুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ  বাইপাইল এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।নাটোরের বনপাড়া থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস বিকেলের দিকে বাইপাইল এলাকায় পৌঁছে। 
 
এসময় মাদক ব্যবসায়ীরা বড়ইয়ের ভেতর লুকিয়ে রাখা নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করে ১৮০ বোতল ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। 
 
তিনি আরো বলেন, আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাঝে মধ্যেই এভাবে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল এনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। 
 
এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 
 
ইত্তেফাক/কেকে