কেন্দুয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে ইউপির কার্যক্রম!

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০০:১৪

জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউপি’র কার্যক্রম। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের ছাদসহ দেয়ালের একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় পলেস্তরা খসে পড়ছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

কান্দিউড়া ইউপি’র সদস্য আবু হারেছ মিয়া জানান, এই পরিষদের ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় এর সভাকক্ষে বিভিন্ন সভা করা যাচ্ছে না। এতে ইউনিয়নের তৃণমূলের জনগণ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না এবং সচেতনতার দিক দিয়ে পিছিয়ে পড়ছে। তিনি ভবনটি নির্মাণের জন্য জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ কায়সার জানান, ১৯৯৬ সালে কান্দিউড়া ইউনিয়ন পরিষদের এ ভবনটি নির্মাণ করা হয়। তিনি অভিযোগ করেন, ভবন নির্মাণের সময় ঠিকাদার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিম্নমানের সামগ্রী, কম সিমেন্ট, বালু ও রড ব্যবহার করায় মাত্র ২০/২১ বছরেই ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ  ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তরা। চেয়ারম্যান আরও জানান, ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটিতে এখন আর কোনো কার্যক্রমই পরিচালনা করার সাহস পাচ্ছি না। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য গত বছরের ৪ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছি। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় গত দুই সপ্তাহ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন উপজেলা প্রকৌশলী বরাবর আরেকটি আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু