রাজশাহীতে ডিজেল ভর্তি ট্যাংক লরি রাস্তায় উল্টে পড়ে যাওয়ায় দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। এতে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর নগরপাড়া সংলগ্ন সিটি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাঘাবাড়ি থেকে ১৩ হাজার লিটার ডিটেল ভর্তি ট্যাংক লরি রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাজশাহী সিটি বাইপাস রোডে চাকা ফেটে ট্যাংক লরি রাস্তায় উল্টে পড়ে। এতে ট্যাংক লরির তেল পড়ে রাস্তা সয়লাব হয়ে যায় এবং রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ে। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি দল ও রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। রাস্তায় ছড়িয়ে পরা তেল থেকে মাত্র ১০ ব্যারেল তেল তুলতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ট্যাংক লরিটি চাঁপাইবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যায়।
ইত্তেফাক/এসএস
