শৈলকুপায় ২ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:২৮
আজ বুধবার ভোর রাতে ইবি ভিসির গাড়িতে ডাকাতির ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে- শৈলকুপা পৌর এলাকার হাবিবপুরের মাহতাব হোসেনের ছেলে দুর্লভ হোসেন ও হাজামপাড়ার রিয়াজ মোল্লার ছেলে বিল্লাহ মোল্লা। উদ্ধার করা হয়েছে ডাকাতির সময় ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র।
 
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, গত ২৫ জানুয়ারি রাতে ঢাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ক্যাম্পাসে ফিরছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারি। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলকায় গাছ ফেলে ব্যারিকেড দেয় এক দল ডাকাত। ভাইস চ্যান্সেলরের গাড়ি এসে থামলে ডাকাতরা হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাঙ্গে ও ভাইস চ্যান্সেলরের মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা টাকা লুটে নেয়। তাছাড়া ডাকাতরা কয়েকটি ট্রাকেও ডাকাতি করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন।  
 
মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ডাকাতি হওয়া ভাইস চ্যান্সেলরের মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে পুলিশ। পরে বুধবার দুপুরে ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক বড়দাহ ব্রিজের নিচে কুমার নদ থেকে উদ্ধার করা হয় ৫টি রামদা, একটি হাসুয়া, একটি চাপাতি ও ২টি গাছ কাটা করাত। 
 
ইত্তেফাক/এমআই