চাঁপাইনবাবগঞ্জে বখাটের ছুরিকাঘাতে সাথি খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার হুজরাপুর বাক্সপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সাথি খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম জানান, সকালে রোজিনা খাতুন নামে এক সহপাঠীর সঙ্গে বাড়ি থেকে স্কুল আসার পথে হুজরাপুর এলাকায় রিকশায় উঠার সময় মনিরুল ইসলাম (২৬) নামে এব বখাটে তাকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খাইরুন নেসা জানান, মেয়েটির পেটের দুই পাশে, ডান হাতে ও বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। পেটের আঘাতটি গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনজুর রহমান জানান, খবর পেয়ে বখাটে মুনিরুলের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং মনিরুলের স্ত্রী ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বখাটে মনিরুল পালিয়ে গেছে।
ওসি আরো জানান, সাথির পরিবারের সঙ্গে মনিরুলের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব ছিল। এ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
ইত্তেফাক/ইউবি
