মৃত্যু সংবাদ পাওয়ার পর শোকে বাকরুদ্ধ আলিফের মা

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৭:৫০
নেপালে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন খুলনার আলিফুজ্জামান আলিফ। বুধবার সকালে মিডিয়ায় তার মৃত্যুর খবর নিশ্চিত করায় শোকে পাথর হয়ে গেছে আলিফের পরিবার। সন্তানের মৃত্যু সংবাদ জানার পরই শোকে নির্বাক হয়ে পড়েছেন আলিফের মা মনিকা পারভীন। কথা বলতে পারছেন না তিনি। 
 
আলিফুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা মোল্লা আসাদুজ্জামান বিলাপ করে বলছেন ‘বাবা তুমি কোথায় চলে গেলে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না।’
 
আলিফের বড় ভাই আশিকুর রহমান হামিম বুধবার চারটায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার সকাল ৮টার ফ্লাইটে তার খালু শাহাবুর রহমান নেপালের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে পৌঁছালেও তাকে কোন হাসপাতালে ঢুকতে দেয়া হচ্ছে না। যে কারণে তার খালুসহ বন্ধুরাও সঠিক কোন তথ্য দিতে পারছে না। তবে, মিডিয়ায় প্রকাশিত নিহতদের তালিকায় আলিফের নাম তারা দেখেছেন।
 
গত ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরোহীদের মধ্যে আলিফ ছিলেন একজন। আলিফুজ্জামানের গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। খুলনা জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে আলিফুজ্জামান ছিলেন মেঝ।
 
ইত্তেফাক/ইউবি