সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় নির্যাতনকারী ডিবি পুলিশের কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক। এর আগে মঙ্গলবার সুমন হাসানকে নির্যাতনকারী ডিবি পুলিশের এসআই আবুল বাশারসহ ওই টিমের ৮ সদস্যকে ক্লোজড করা হয়। এ ঘটনায় গঠিত সহকারী কমিশনার রুনা লায়লাকে প্রধান করে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিএমপি কমিশনার। কনস্টেবল মাসুদুল হক ওই টিমের সদস্য এবং সুমনের স্পর্শকাতর স্থানে আঘাতসহ মারধরকারীদের একজন। এদিকে সুমন হাসানকে ডিবি পুলিশ অমানবিক নির্যাতন করায় বরিশালে বিক্ষোভ করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক খান মনিরুজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মেট্রোপলিন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, মুরাদ আহমেদ, হুমায়ুন কবির সহ সাংবাদিকবৃন্দ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে এখানে শুধু সুমনকে নির্যাতন করা হয়নি। করা হয়েছে পুরো সাংবাদিক সমাজকে। তারা ক্লোজডকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
IMG0
এদিকে মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় সাংবাদিক সুমনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে ভীড় করেন। তারা সুমনের চিকিৎসার খোঁজ খবর নেয়াসহ সমবেদনা জানান। সুমনের আঘাতের চিহ্নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ও নিন্দা জানান অনেকে। শুধু বরিশালের সাংবাদিক, সাংস্কৃতিক ও সাধারণ মানুষই নয় ঢাকাসহ দেশ-বিদেশ থেকে সুমনের প্রতি সহমর্মিতা জানানোসহ কেউ কেউ তাদের ফেসবুক ওয়ালে সুমনের হাতকড়া পড়া ছবি দিয়ে রাখেন।
ইত্তেফাক/এমআই
