বিমান দুর্ঘটনা : সহকারী পাইলটের বাড়িতে শোকের ছায়া

আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২০:৫০
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সহকারী পাইটল পৃথুলা রশিদের (২৬) গ্রামের বাড়ি যশোরের শার্শার ইলিশপুর গ্রামে কান্নার রোল পড়েছে। স্বজনদের মাঝে চলছে আহাজারি। গ্রামের রত্ম হিসেবে পরিচিত এই তরুণীর মৃত্যু যেন আকাশ ভেঙ্গে মাথায় পড়েছে। পৃথুলা রশিদ ওই গ্রামের কাজল হোসেন ও মা রাফেজা বেগমের একমাত্র সন্তান। তার মা একটি এনজিতে চাকরি করেন। 
 
পৃথুলা ২০১৬ সালের জুলাইয়ে সহকারী পাইলট হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের যোগদান করেন। চাকরির কারণে তাকে গ্রামের বাড়ি আসা হতো না। তবে মার্চের শেষে বা এপ্রিলের দিকে তার বাড়ি আসার কথা ছিল। এমনটি জানিয়ে হাউমাউ করে কেঁদে উঠেন চাচা কামাল হোসেন ও সহিদুল আলাল। তারা বলেন, আমাদের সব স্বপ্ন ভেঙ্গে গেছে। ও শুধু আমাদের সম্পদ না। দেশের সম্পদ ছিল। 
 
চাচাতো বোন উম্মে ইলমা ও উম্মে জান্নাতি তারা কাঁদতে কাঁদতে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তারা বলেন, আপুর গ্রামের বাড়িতে আম খেতে আসা কথার ছিল। কিন্তু আর আসা হলো না। ছুটিতে এসে ঘুরে ফিরে বেড়াবে এমন কথা বলেছিলেন। আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু তিনি আর কোনদিন আসবেন না।
 
ইত্তেফাক/ইউবি