নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ৩০ শিক্ষার্থীকে মাদ্রাসার সভাপতি জুতাপেটা করায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা মাদ্রাসার সভাপতি ও আরবী শিক্ষক আব্দুস সালাম মাস্টারের অপসারণ দাবিসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। গত মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির সভায় মাদ্রসার দশম শ্রেণির ৩০ শিক্ষার্থীদের জুতাপেটা করেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদৎ হোসেন। এ ঘটনার পর থেকে সভাপতি আর মাদ্রসায় আসেননি।
শিক্ষার্থীরা জানান, গত বৃস্পতিবার দশম শ্রেণির ছাত্র সাজ্জাদ পাঞ্জাবীর সঙ্গে প্যান্ট পড়ে মাদ্রাসায় আসায় আরবি শিক্ষক আব্দুস সালাম ছাত্র সাজ্জাদকে মারধর করে। এ ঘটনায় ছাত্ররা প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির সভা চলাকালে বিনা এজেন্ডায় সালাম মাস্টার বিষয়টি উত্থাপন করায় মাদ্রাসার সভাপতি ১০ম শ্রেণির ৩০ ছাত্রকে উপস্থিত ম্যানেজিং কমিটির সামনে দাঁড় করিয়ে জুতাপেটা করেন।
এ ব্যাপারে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন জানান, ‘আমরা বিষয়টি নিয়ে অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সুষ্ঠ বিচার করে দেব। এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, ইউপি চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
