সাতকানিয়ায় ব্যাংক কিস্তির সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, আটক ২

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৪:২৯
চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ গ্রামীণ ব্যাংকের সাপ্তাহিক কিস্তির টাকা নিয়ে ব্যাংকের দিকে ফেরার পথে এক অফিসারের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। গতকাল বুধবার বিকেলে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে গ্রাহকের কাছ থেকে সাপ্তাহিক কিস্তির টাকা উত্তোলন করার জন্য সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নস্থ কালিয়াইশ গ্রামীণ ব্যাংকের অফিসার মো. নাজিম উদ্দীন ব্যাংকের প্রায় ২শ' থেকে ৩শ' গজ পূর্বে কালিয়াইশ হিন্দুপাড়াস্থ রূপসী দাশের বাড়িতে ১ ও ৯নং কেন্দ্রে যায়। টাকা উত্তোলন শেষে মোটর সাইকেলযোগে ব্যাংকে ফেরার পথে রূপসী দাশের বাড়ি থেকে প্রায় ১শ' গজ উত্তরে ডা. কাজল দাশের ঘাটায় পৌঁছুলে ৬ জন ছিনতাইকারী মোটর সাইকেলের গতিরোধ করে অফিসারকে মারধর করতে করতে মোটরসাইকেলসহ অফিসারকে রাস্তার পাশে ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা টাকা ও অফিসিয়াল কাগজ ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 
আরও জানা যায়, ওই ঘটনার পরপরই স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি। খবর পেয়ে সাতকানিয়া থানার এস আই দীপন চন্দ্র সরকার, প্রিয় লাল ঘোষ ও কাজী গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কালিয়াইশের বিলে প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকার মৃত বানু মিয়ার ছেলে মো. নোবেল (১৮) ও কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী ৫নম্বর ওয়ার্ড এলাকার কবির আহমদের ছেলে মো. রিদুয়ান (১৮) কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ কালিয়াইশের বিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমের শনাক্তমতে ছিনতাইয়ে জড়িত ২ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/এসএস