ঢাকার উপকণ্ঠের দুই আসনের একটিতে নৌকার মনোনয়ন চান শেখ এমদাদ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০৮:৪৫

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) অথবা ঢাকা-১৯ এই ২ আসনের যে কোনো একটিতে নৌকা প্রতীকে মনোনয়ন চান জাপান আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ এমদাদ। শেখ এমদাদ দোহার-নবাবগঞ্জ, সাভার এলাকায় ব্যাপক গণসংযোগ করে আসছেন দীর্ঘদিন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা সংস্কার কাজে ব্যাপক অবদান রেখেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কাজে তার অবদান রেখে চলেছেন।

সংস্কৃতিমনা, ক্রীড়ানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক হিসেবে ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছেন। বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কর্ণধার ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা শেখ এমদাদ ঢাকা অঞ্চলকে আর্সেনিকের প্রাদুর্ভাব হতে রক্ষা করতে জাপানি একটি পানি বিশেষজ্ঞ দল নিয়ে আসেন। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি ও সুন্দর সমাজ গঠনে পাঁচ শতাধিক স্কুল শিক্ষক ও প্রতিনিধিদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন। 

ছাত্রলীগের নেতা হিসাবে রাজনীতিতে শেখ এমদাদের হাতেখড়ি। তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। বড় দুই ভাই মুক্তিযোদ্ধা। তিনি জাপানে বাংলাদেশকে ব্যাপকভাবে তুলে ধরার জন্য ২০০৬ সালে ‘জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। জাপানে মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ দীর্ঘদিন যাবত প্রচার করে চলেছেন। শেখ এমদাদ জানান, দোহার-নবাবগঞ্জের তৃণমূল নেতা-কর্মীরা ও সাধারণ জনগণ তার মনোনয়নের পক্ষে। জনপ্রিয়তার কারণে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। মনোনয়ন পেলে তিনি ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী।

ইত্তেফাক/এএম