জগন্নাথপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২২:৫০

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি অটোরিক্সা চালক বিষু মালাকার হত্যাকাণ্ডের ১৫দিন পর আজ বৃহস্পতিবার নারীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ১২ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। এ সময় বিষু মালাকারের ব্যবহৃত চুরি হওয়া সিএনজি অটোরিক্সাটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুজন হলো, দেলোয়ার হোসেন (২৬) এবং সাজেদা বেগম (৩০)। দেলোয়ার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ভোগশাইল মজলিসপুর গ্রামের তোরন মিয়ার পুত্র। সাজেদা বেগম সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী।

জগন্নাথপুর থানার ওসি তদন্ত আশরাফুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরীসহ একদল পুলিশ এ গ্রেফতার অভিযান চালায়।

প্রসঙ্গত, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ভোগশাইল মজলিসপুর গ্রামের নিখিল মালাকারের ছেলে সিএনজি অটোরিক্সা চালক বিষু মালাকার গত মাসের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন। নিখোঁজের ২দিন পর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গাড়ি গ্রামের আব্দুর রবের জমির ঝোপের মধ্যে বিষু মালাকারের ক্ষত বিক্ষত লাশ পাওয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন জগন্নাথপুর থানায় জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ৫মার্চ জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/নূহু