বগুড়ার ধুনট উপজেলায় জয়শিং-বাগবাড়ি পাকা সড়কের নাংলু বেইলি সেতুটি ভেঙে পাথর বোঝাই ট্রাক খালে পড়েছে। ফলে উপজেলার উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষের বগুড়া জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় এ তথ্য নিশ্চিত করেন।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, গত ২০০১ সালে নাংলু গ্রামের কুশারবাড়ি খালের উপর ৬০মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। বেইলি সেতুর নির্মাণ সামগ্রী দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। যে সময় সেতুটি নির্মাণ করা হয়েছে, তখন সেতুর নির্মাণ সামগ্রী আমদানি বন্ধ ছিল। এ কারণে পুরাতন সামগ্রী দিয়ে নতুন করে সেতুটি নির্মাণ করা হয়। সেতুর উপর দিয়ে হালকা যানবাহন চলাচলের নিয়ম থাকলেও যানবাহনের চালকগণ নিয়মের তোয়াক্কা করেনি।
স্থানীয় বালু ব্যবসায়ীরা বাঙ্গালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে ওই সেতুর উপর দিয়ে চলাচল করে। এ কারণে ২০১২ সালের ১২মে বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ে। তখন জোড়াতালি দিয়ে সেতুটি মেরামত করা হয়।
ওই সময় সওজ কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে সতর্ক নোটিশ ঝুলিয়ে দেন। এছাড়া ৭টন ওজনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ করা হয়। কিন্তু সওজ কর্তৃপক্ষের নোটিশের তোয়াক্কা না করে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন সেতুর উপর দিয়ে যাতায়াত করে। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলের দিকে উত্তরাঞ্চল থেকে রোহান-রিদয় নামে অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক জয়শিং ঘাটে আসার পথে নাংলু গ্রামের কুশারবাড়ি খালের সেতু পার হওয়ার সময় ট্রাকসহ সেতুটি ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/এসএস
