কুমিল্লায় যানজট, ১০ মিনিটের সড়কে লাগছে ৩ ঘণ্টা

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৫:০৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে ১০ কিলোমিটার এলাকাজুড়ে আজ শুক্রবার ভোর থেকে যানজটে স্থবির হয়ে পড়েছে। যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই যানজট টোল প্লাজা থেকে দাউদকান্দির গৌরীপুর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ সময় ঘণ্টার পর ঘণ্টা অনেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলার কারণে জনদুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে।
 
গাড়ির চালক ও যাত্রীরা বলছেন, ১০ মিনিটের সড়ক পার হতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগছে। যাত্রী ও চালকদের অভিযোগ 'ওজন নিয়ন্ত্রণ স্কেলে সংশ্লিষ্টদের অবৈধ বাণিজ্যের কারণে ফোর লেনের সুফল ম্লান হচ্ছে।'
 
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে যানজটে গতি থেমে যাচ্ছে। এছাড়াও দাউদকান্দির টোল প্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে অবৈধভাবে টাকা আদায় নিয়ে পণ্যবাহী যানবাহনের চালকদের সাথে সংশ্লিষ্টদের দর কষাকষির কারণে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।
 
যাত্রী ও চালকদের অভিযোগ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর লেন হওয়ার কারণে মহাসড়কের অন্য কোথাও তেমন যানজট সৃষ্টি না হলেও টোল প্লাজায় পণ্যবাহী যানবাহন থেকে বখরা আদায় করতে গিয়ে ঢাকামুখী অংশে প্রতিদিনই কম-বেশি যানজট লেগেই থাকে।
 
ঢাকাগামী এশিয়া লাইনের যাত্রী ময়নাল হোসেন জানান, যানজটের কারণে দাউদকান্দির গৌরিপুর থেকে সকাল ৯টায় টোল প্লাজায় পৌঁছুতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা।
 
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ এমনিতেই বেশি। এ যানজট স্থায়ী হচ্ছে না। যানবাহনের গতি কম থাকায় যানজটের সৃষ্টি হয়, তবে যানজট নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এসএস