মির্জাপুর থেকে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র ঢাকা থেকে উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৫:২৭
নিখোঁজের ১৬ দিন পর দুই মাদ্রাসা ছাত্র আদিল খান (১৫) ও রিফাদ হোসেনকে (১৩) রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানা পুলিশ মোবাইল কলের সূত্র ধরে তাদের উদ্ধার করে। আজ শুক্রবার পুলিশ অফিসার মো. আলমগীর হোসেন দুই ছাত্র উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলড়া আদাবড়ি কওমি মাদ্রাসায় দুই ছাত্র গত ১ মার্চ আদিল ও রিফাদ মাদ্রাসা এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ আদিল খানের বাবার নাম আরিফ খান, বাড়ি মির্জাপুর উপজেলার কদিমধর‌্যা গ্রামে এবং নিখোঁজ রিফাদের বাবার নাম মো. নছু মিয়া, বাড়ি সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। তারা দুজনেই হিলড়া আদাবাড়ি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।
 
আদিলের বাবা শরিফ খান ও চাচা শহিদ খান জানান, গত ১৬ দিন ধরে দুই ছাত্র নিখোঁজ হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করেনি। দুই পরিবারের পক্ষ থেকে তাদের উদ্ধারের জন্য মির্জাপুর থানায় গত ৭ মার্চ একটি অভিযোগ দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে মির্জাপুর থানা পুলিশ মোবাইলের কললিস্টের সূত্র ধরে কয়েক দিন অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার ফকিরাপুল এলাকার কে ওয়াই প্লাজায় ৬ তলায় অভিযান চালিয়ে একটি ব্যাগ কারখানা থেকে তাদের উদ্ধার করেন।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার এসআই আলমগীর হোসেন বলেন, 'দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।'
 
ইত্তেফাক/এসএস