লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রদের নিয়ে রায়পুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিজ্ঞান, কলা ও সংস্কৃতি নামের সংগঠনের আয়োজনে ‘বিজ্ঞান হোক আনন্দের উৎস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রায়পুর সরকারি কলেজের গণিত বিভাগের বাঁধন হাওলাদার।
এ কর্মশালার প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকার বিজ্ঞান-যাত্রা প্রশিক্ষক দলের অ্যাড. আজিজুর রহমান বুলবুল, মার্চ্চেন্টস স্কুলের শিক্ষক নিলয় রঞ্জন নাথ, রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক মাজ্জাদুর রহমান ও মাসুদুর রহমান টিটু প্রমুখ। এতে পৃষ্ঠপোষকতা করেন ইংল্যান্ড প্রবাসী ও হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ মো. মোজাম্মেল হাসান। এ কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সবাইকে সনদপত্র দেওয়া হবে।
উদ্বোধনী বক্তব্যে বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। উন্নত বাংলাদেশ গঠনে এবং পরিবেশ উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে।
ইত্তেফাক/এসএস
