বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রমাণ মিলেছে

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৭:৫৫
সাংবাদিক সুমন হাসানকে নির্যাতনের প্রমাণ পাওয়ায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। অভিযুক্তরা হলেন- মহানগর ডিবি পুলিশের এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার হোসেন এবং কনস্টেবল মাসুদুল হক, রাসেল, হাসান, রহিম ও সাইফুল ইসলাম।
 
মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, পুলিশ কমিশনার কার্যালয়ে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত (বর্তমানে ক্লোজড) ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুমন হাসান, অভিযুক্ত আট ডিবি পুুলিশ সদস্য, প্রত্যক্ষদর্শীসহ ২০জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্তে আট পুুলিশ সদস্যর সম্পৃক্ততা পাওয়া গেছে। ফলে আট পুুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে কনস্টেবল মাসুদুল হক, রাসেল ও রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
এদিকে দোষীদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় দৈনিক নিউজ এডিটরস কাউন্সিল বরিশাল শাখা।
 
শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধনে ইলেটকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন বরিশালের সাংবাদিক সমাজ কোন লোক দেখানো সাসপেন্ডশন বিচার দেখতে চায় না। স্থায়ী চাকরিচ্যুতসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
 
ইত্তেফাক/অারকেজি