বাগেরহাটে পদদলিত হয়ে নারীসহ দশজন হিন্দু ধর্মাবলম্বী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলনে বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগলে হুড়োহুড়িতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, নারী সাংসদ হেপী বড়াল এবং পূজা উদযাপন পরিষদের নেতারা আহতদের হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
তারা হলেন- মিতালী রায়, শিখা মজুমদার, রবি দাসী, কল্পনা মজুমদার, অর্জুন বিশ্বাস, বকুল মণ্ডল, সুমতি মণ্ডল, উষা ঘরামি, অঞ্জনা বসু ও যুথী মল্লিক। এদের সবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি উড়তে থাকে। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে সম্মেলন স্থলে থাকা হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করেন। এতে পদদলিত হয়ে নারী শিশু ও পুরুষসহ অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী বলেন, পদদলিত হয়ে নারী, শিশুসহ দশজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা সবাই আশঙ্কামুক্ত।
ইত্তেফাক/আরকেজি
