খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে রক্ষা করতে হবে: এমপি মনির

আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২২:২৪
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, খেলাধুলার মধ্য দিয়ে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে যুব সমাজকে রক্ষা করতে হবে।
 
শুক্রবার বিকালে যশোরের চৌগাছার শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘আ. রহিম মলি­ক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮’র ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালোবাসা তৈরিতে খেলাধুলা একান্তভাবে প্রয়োজন।
 
তিনি আরো বলেন, আজকে দেশের যুবকরা খেলাধুলায় মনোযোগী হলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমে যাবে। যুবকরা খেলাধুলায় জড়িত থাকলে তাদের মনোবল দৃঢ় হবে এবং প্রতিযোগী মনোভাব সম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে।
 
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহানুর আলম শাহিন মলি­কের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান টিয়া, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি এ বি সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শফি মলি­ক, যুবলীগ নেতা মো. হামিদ মলি­ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ বি সিদ্দিক মন্টু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মলি­ক প্রমুখ। 
 
উল্লেখ্য, ‘সিংহঝুলী পূর্বপাড়া’ বনাম ‘সিংহঝুলী দেওয়ান পাড়া’র মধ্যকার ফাইনাল খেলা শেষে বিজয়ী ‘সিংহঝুলী পূর্বপাড়া’ দলের হাতে পুরস্কার তুলে দেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
 
ইত্তেফাক/আরকেজি