চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার চাপায় আহমদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার চৌধূরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মডেল থানা সূত্রে জানা যায়, বয়স্ক ভাতা নিয়ে বাসায় ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে আহমদ হোসেনকে চৌধূরীহাট এলাকায় নগরমুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে গুরুতর আহত হন আহমদ হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আহমদ হোসেন উপজেলার মধ্যম মাদার্শার নুর মাহমুদ বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।
মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে জানান, ওই প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসএস
