২ সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৮:৫১
মানিকগঞ্জের সিংগাইরে ছয় বছরের মেয়ে আফরিন আক্তার এবং ছেলে আব্দুল মোমিনকে (৪) বিষপান করিয়ে আত্মহত্যা করেছেন মা রিনা আক্তার (২৯)। তবে বিষপানে অসুস্থ ছেলে-মেয়েদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। রিনা আক্তার উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আবির হোসেনের স্ত্রী।
 
শনিবার দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনা আক্তারের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রিনা ও তার সন্তানদের হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সেখান থেকে ছেলে-মেয়েদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
 
ওসি খোন্দকার ইমাম হোসেন আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ দায়ের করেনি।
 
ইত্তেফাক/আরকেজি