বরিশালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:২১
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফর গাজী (৪৮) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। জাফর পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের মৃত নুর হোসেন গাজীর ছেলে।
 
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত জাফর গাজীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে জাফর মারা যায়। জেলার আরও জানান, আইনী প্রক্রিয়া সম্পন্ন করে জাফরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
জাফর গাজী পটুয়াখালীতে নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে রয়েছেন। শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে জাফরের মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি