বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম: এমপি মনির

আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২১:৩৮
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
 
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নাই, তিনি চির অমর। বিশ্বের বুকে যতদিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু ততদিন বাঙালিদের অন্তরে বেঁচে থাকবেন।
 
বঙ্গবন্ধুকে জানতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে এমপি মনির বলেন, তরুণদের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু সম্পর্কিত বই পড়তে হবে। শিক্ষার্থীদের সত্যিকারের ইতিহাস জানতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।
 
তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু। এখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা। শুধু দেশেই নয় সারাবিশ্বে এখন আওয়ামী লীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো. কামারুজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, এমএল মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল আলম, বিএম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী জেবা ফারিহা।
 
এদিকে, বিকেলে চৌগাছার যশোর বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
 
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ শাহজাহান কবীরের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মিয়া, সুলাইমান হোসেন, সিংহঝুলির সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, শাহীনুর রহমান, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিংকু, উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা ফিরেজ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি