পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শনিবার নির্মাণাধীন দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। প্রায় ৩০ হাজার একর জমির ওপর এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে এখানে চার লেন সড়ক, বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ, বিদ্যুতায়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সমুদ্র উপকূলীয় এ অর্থনৈতিক অঞ্চল বন্যা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ১১৬৩ কোটি টাকা ব্যয়ে ২২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ নির্মাণ করছে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে এসে মন্ত্রী প্রকল্পের কাজের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সভায় মিলিত হন। সভায় পাউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী একেএম সামসুল করিম জানান, বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রকল্পটি বাস্তবায়িত হলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১১ হাজার ৬২৭ একর জমিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা নির্মাণের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্প এলাকা বন্যা ও জলোচ্ছ্বাস হতে রক্ষা পাবে। ভূমিক্ষয় রোধসহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
এর আগে মন্ত্রীকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন বিষয়ে অবহিত করেন বেজা’র নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক। তিনি জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এখানে ২০২২ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি প্রায় ২৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
সভায় অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী কেএম জুলফিকার তারেক ও ঠিকাদার প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এসে পৌঁছালে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আজাদ দোভাষের নেতৃত্বে জাতীয় পার্টি’র (জেপি) বিপুল সংখ্যক নেতাকর্মী দলের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ফুল দিয়ে স্বাগত জানান। সন্ধ্যায় নগরীতে পৌঁছালে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী নাসিরুল আলম, মহানগর সদস্য সচিব ডা. বেলাল মৃধা, মোর্শেদ সিদ্দিকী, আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে দলের চেয়ারম্যানকে স্বাগত জানান। পরে হোটেল লবিতে দলীয় চেয়ারম্যান ও মন্ত্রীর সাথে তারা মতবিনিময় করেন।
দু’দিনের সফরে গতকাল সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি আজ চট্টগ্রাম অঞ্চলের চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় অনুষ্ঠিত হবে পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বেলা ১১টায়। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম জননেতার চশমা হিলস্থ বাসভবনে গিয়ে পরিবারবর্গের সাথে কুশল বিনিময় করবেন।
ইত্তেফাক/নূহু
