অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর ফয়জুল হাসান ওরফে শফিকুর হামলা চালায় হত্যার উদ্দেশ্যে। রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সে এ কথা জানায়।
এর আগে ১০দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। পরে বেলা দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিচারকের খাস কামরায় তার জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী রেকর্ড শেষে ফয়জুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ১০দিনের রিমান্ড শেষ হওয়ায় রবিবার বেলা দুটার দিকে ফয়জুলকে আদালতে হাজির করা হয়। আদালতে সে স্বীকারোক্তি দেয়।
৩ মার্চ (শনিবার) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)। এ সময় শিক্ষার্থীরা তাকে আটক করে বেদম প্রহার করে। পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে ফয়জুলকে হাসপাতালে চিকিৎসা শেষে গত ৮ মার্চ ১০দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করা হয়।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অধ্যাপক জাফর ইকবালকে ওই সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ওই রাতেই হেলিকপ্টারে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। অধ্যাপক জাফর ইকবাল চিকিৎসা শেষে এখন বিশ্রামে আছেন।
ইত্তেফাক/আরকেজি
