রাজধানীতে পৃথক দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রবিবার কুড়িল কাজীপাড়া থেকে রুবেল হোসেন (২৬) ও শনিবার গভীর রাতে শান্তিনগর থেকে রোজিনা আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়। এদিকে রবিবার মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সুমন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ভাটারা থানার এসআই আবদুর রহমান জানান, রবিবার সকাল ৮টার দিকে কুড়িলের কাজীপাড়ার একটি বাসা থেকে রুবেল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রুবেলের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। তবে তিনি কাজীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।
পল্টন থানার এসআই দুলাল চন্দ্র ভৌমিক জানান, শনিবার গভীর রাতে শান্তিনগরের একটি বাসা থেকে রোজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যু নিয়ে আমরা সন্দেহ করছি।
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: রবিবার সকাল ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনে একটি নির্মানাধীণ ভবন থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিক সুমন ও মামুন আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক সুমনকে মৃত ঘোষণা করেন। মামুনকে চিকিত্সাধীন রাখা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দপুর গ্রামে। তারা নির্মানাধীণ ওই ভবনে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
তাদের সহকর্মী আবু হানিফ বলেন, তারা ১৩ নম্বর সেকশনের নির্মানাধীণ ১৪তলা ভবনের বাইরের দিকে বাঁশের মাচা বেঁধে কাজ করছিল। এসময় সুমন ও মামুন পড়ে যায়।
ইত্তেফাক/এমআই
