উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে ভালোবাসলে, দেশের অগ্রগতিকে ধরে রাখতে হলে আবারো শেখ হাসিনার সাহসী নেতৃত্ব দরকার।
রবিবার জেলার বিরলে ধুকুরঝাড়ি কলেজে অভিবাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, ১৭ মার্চ জাতিরজনকের জন্মদিনে বাংলাদেশের ভাগ্যে আরেকটি ঐতিহাসিক পালক যোগ হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে প্রবেশ করেছে। আরো ছয় বছর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে পরিপূর্ণভাবে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। এজন্য শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই।
অভিভাবকদের উদ্দেশ্যে খালিদ বলেন, জাতিরজনক দেশ স্বাধীন হবার পর বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রবর্তন করে উন্নত প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরের পর জাতিরজনক সেই শিক্ষানীতির উপর ছুরি চালিয়েছে একাত্তরের পরাজিত শক্তি। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কারণে আজকে বিশে^র সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রজন্ম। সারা বিশে^ আমাদের মেধাবীরা বিচরণ করছে নিজ যোগ্যতায়।
কলেজের সভাপতি ও ধামইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জল হোসেন, বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
