দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে তারেক (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদিপুর গাংপাড়া মাথাভাঙ্গা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত তারেক হোসেন দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের গাংপাড়ার খলিলুর রহমানের ছেলে।
সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান, একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ারের সাথে পূর্ব বিরোধ ছিল তারেকের। গত বুধবার রাতে তারেক গ্রামের মুনছুর আলির চায়ের দোকানে বসে ছিল। এ সময় দেলোয়ার তার লোকজন নিয়ে তারেককে তুলে নিয়ে যায়।
পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে রাত থেকে গ্রামের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। সকালে পরিবারের লোকজন মাথাভাঙ্গা নদীতে কচুরিপানার নিচে তারেকের লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
