মাগুরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নিহত

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২৩:১৮

মাগুরা-নড়াইল সড়কের মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় আজ রবিবার বিকালে সড়ক দূর্ঘটনায় কার্তিক চন্দ্র মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কার্তিক মন্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, একটি মোটরসাইকেলযোগে কার্তিক মন্ডল মাগুরা থেকে তার নিজ এলাকা খুলনার ডুমুরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে  মাগুরা সদর উপজেলার বাটাজোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ইত্তেফাক/নূহু