এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে জেল-জরিমানা: সাঈদ খোকন

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১০:১১
বাসাবাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার নগরভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আগামী ৮ এপ্রিল বাসাবাড়িতে ভ্রাম্যমাণ আদালত (মেবাইল কোর্ট) পরিচালনা করা হবে। তখন কোন বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে বা লার্ভা পাওয়া গেলে, আইনানুযায়ী সেসব ভবন মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’
 
এসময় তিনি আইনের ব্যাখ্যা তুলে ধরে বলেন, ‘প্যানাল কোর্টের ২৬৯ এবং ২৭০ এর আওতায় আমাদের দণ্ড দেয়ার বিধান রয়েছে। আমরা চাইন না কোনো নাগরিক কোনোক্রমে বিব্রত অবস্থার মধ্যে পড়ুক। পাশাপাশি এও চাই, কারো কোনো অবহেলার কারণে অন্য কোনো নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হন।’
 
ডিএসসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত ‘মশক বাহিত রোগ প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণ’ বিষয়ক মতবিনিময় সভায় মেয়র নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাসাবাড়ি বা বাড়ির আঙিনায় পরিত্যক্ত টায়ার বা কন্টেইনারে স্বচ্ছ পানি জমে থাকলে পরিচ্ছন রাখতে আগামীকাল থেকে সংবাদমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেয়া হবে। একইসঙ্গে ১ লাখ ৬৫ হাজার বাসাবাড়িতে সচেতনতামূলক গণবিজ্ঞপ্তি পৌঁছে যাবে। প্রত্যেক বাড়ির মালিককে এই গণবিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হবে। নোটিশে উল্লেখ থাকবে ভবনগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন, কোনোক্রমে কোনো অবস্থাতেই যেন এডিস মশার প্রজননক্ষেত্র না থাকে এটা নিশ্চিত করবেন।’
 
নিয়মিত এই কার্যক্রম কার্যক্রম ২০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে এবং ৮ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান। বাসস।
 
ইত্তেফাক/এমআই