তাহিরপুর উপজেলায় বাঁধে উঠার অপরাধে এক শিশুর চারটি আঙ্গুল কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা খেলাঘর। সোমবার দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে জেলা খেলাঘর আয়োজনে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসর সভাপতি বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক বিন্দু তালকদার, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার প্রমুখ।
মানববন্ধনে বক্তার বলেন, শিশুর প্রতি এমন বর্বর নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। খুব শিগগিরই এ ঘটনার প্রধান আসামি অদুদ মিয়াকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার তাহিরপুরের মহালিয়া হাওরপাড়ে ময়নাখালি বাঁধের উপর উঠা ও গড়িয়ে পড়ার সময় বাঁধের কিছু ক্ষতি হওয়ায় সুলেমানপুর গ্রামের শিশু ইয়াহিন মিয়ার ডান হাতের ৪টি আঙ্গুল কেটে দেয় পিআইসির প্রকল্প বাস্তবায়ন কমিটি সভাপতি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি অদুদ মিয়া।
ইয়াহিন সুলেমানপুর গ্রামের শাহানুর মিয়ার ছেলে। সে শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত পিআইসির সভাপতি ইউনিয়ন যুবলীগের সভাপতি অদুদ মিয়ার ছোট ভাই আলম মিয়াকে আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/আরকেজি
