রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীকে পিটিয়ে জখম

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২২:১৫
রাজবাড়ীতে বসত ভিটার জমি ভোগ দখল নিয়ে বিরোধের জের ধরে ৮ মাসের অন্তঃসত্ত্বা নাসরিন আক্তার (২৫) ও তার স্বামী অটো রিক্সাচালক জাহিদ খাঁ (৩২) নামের দুজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। জরুরি অবস্থায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জাহিদ খাঁ একই এলাকার মৃত হাতেম খাঁর ছেলে।
 
এ বিষয়ে নাসরিন আক্তারের মা ছকিনা বেগম (৬০) বাদী হয়ে প্রতিবেশী মৃত হায়াত আলীর ছেলে মো. হাবিবুর রহমান হাবি (৪০), মো. ইব্রাহিম মোল্লা(৫০), মো. আজাহার মোল্লা(৫৫) ও রামকান্তপুর গ্রামের মো. জাহিদের ছেলে মো. আকাশসহ (২৫) অজ্ঞাত দুই-তিন জনের বিরুদ্ধে শনিবার দুপুরে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। বাদী ছকিনা রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর গ্রামের আবু হোসেন মোল্লার স্ত্রী। 
 
মামলার এজাহারে ছকিনা বেগম উল্লেখ করেন, তার জামাতা জাহিদ খাঁ গত শুক্রবার তার বাড়ীতে একটি রান্নাঘর তোলার কাজ করছিলো। এসময় জমি জমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে উল্লেখিত অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এসে জাহিদ খাঁকে বেধরক মারপিট করতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। এসময় তার স্ত্রী (আমার মেয়ে) ৮ মাসের অন্তঃসত্বা নাসরিন আক্তার স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে মারপিট ও তলপেটে লাথি মারে। এ সময় প্রতিবেশীরা এসে তাদেরকে কোনমতে রক্ষা করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়ে ও জামাতাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। তারা সেখানেই রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আঘাতে নাসরিন ও পেটের বাচ্চার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। 
 
এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 
 
ইত্তেফাক/কেআই