নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামের একই পরিবারের রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও একমাত্র শিশুপুত্র অনিরুদ্ধ জামান এবং বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের ইঞ্জিনিয়ার মাসুদ উদ্দিন ভূইয়ার স্ত্রী উম্মে সালমাসহ ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে মা রওশন আরা বেগম ও তার বড় দুইবোন নিহত রফিক জামান, তার স্ত্রী ও শিশুপুত্রের লাশ নিয়ে গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার কেশারখিলের সাতানী ভূইয়া বাড়িতে পৌঁছে। এ সময় নিহতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে সকাল ১০টায় কেশারখিল বালিকা উচ্চবিদ্যালয় মাাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রফিক জামানের বাবা জহিরুল ইসলামের পাশে তাদেরকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে নিহত রফিক জামান রিমুর স্বজন ও এলাকাবাসী তার স্মৃতি রক্ষায় তার নামে এলাকায় একটি সড়কের নামকরণের দাবি জানান।
এ সময় সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা টিনা পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, থানা পুলিশের সদস্যরা এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ার মাসুদ উদ্দিন ভূইয়ার স্ত্রী উম্মে সালমার দাফন সম্পন্ন করা হয়। ঢাকার দক্ষিণ খানের আল-মানারাহ হাইস্কুল মাঠে তার জানাজা শেষে স্থানীয় মধুবাগে সালমার বাবা পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী মরহুম রায়হান আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
ইত্তেফাক/কেকে
