পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি এশিয়ার ১০টি দেশের কনিষ্ঠ ও মাঝারি পর্যায়ের কূটনীতিকদের জন্য বিশেষায়িত আন্তর্জাতিক কূটনৈতিক কোর্স শুরু করেছে। রবিবার দুই সপ্তাহব্যাপী ওই কোর্সের উদ্বোধন হয়।
এ কোর্সে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ধর্মবিশ্বাস ও সংস্কৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্য বিষয়ে সেশন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় চলমান এই কোর্সে আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের কূটনীতিকরা অংশ নিচ্ছেন। বন্ধুপ্রতিম ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার এবং বর্ধিত পরিসরে আলোচনার কাঠামো সৃষ্টি করতেই এ কোর্সের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, সাবেক রাষ্ট্রদূত ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের উদ্দেশে বক্তব্য দেবেন। কোর্সে অংশগ্রহণকারী কূটনীতিকরা ঐতিহাসিক বিভিন্ন স্থান, যেমন-সোনারগাঁর পানাম নগরী, আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন।
ইত্তেফাক/ইউবি
